আপন আর্য্য,টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুরে রাতের আঁধারে রাধা গোবিন্দ মন্দিরসংলগ্ন আর্য সমিতির দুর্গামন্দিরে হামলা চালিয়ে চারটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
১ অক্টোবর (বৃহস্পতিবার) সকালে মণ্ডপে গিয়ে স্থানীয়রা প্রতিমাগুলো ভাঙা অবস্থায় দেখতে পান।বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে উপজেলার জামুর্কী ইউনিয়নের জামুর্কী গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে মণ্ডপে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করতে গিয়ে দুর্গা প্রতিমার মাথা, গণেশ ও অসুরসহ চারটি প্রতিমা ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখতে পান তারা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গত ১২ সেপ্টেম্বর থেকে ওই মন্দিরে প্রতিমা তৈরির কাজ শুরু হয়েছিল। প্রায় এক সপ্তাহ আগে প্রতিমাগুলোতে মাটির প্রলেপ দেওয়ার কাজ শেষ হয়। এরপর প্রতিমাগুলো মণ্ডপের ভেতরে রেখে সেটি ঢেকে দেওয়া হয়েছিল।
ভাঙচুরের খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, মির্জাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আদনান মুস্তাফিজসহ থানা পুলিশের সদস্যরা।
মির্জাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আদনান মুস্তাফিজ বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। কে বা কারা কী উদ্দেশ্যে প্রতিমাগুলো ভাঙচুর করেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
জামুর্কী আর্য্য সমিতির সভাপতি প্রকাশ বাকালী জানান, ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে মন্দির পরিদর্শন করেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, সহকারী পুলিশ সুপার (মির্জাপুর-নাগরপুর সার্কেল) মো. আদনান মুস্তাফিজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদ রেজাসহ পুলিশের কর্মকর্তারা।
পরে প্রতিমাগুলোর নিরাপত্তায় মন্দির এলাকায় গ্রাম পুলিশ মোতায়েন করা হয়। মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলম বলেন, মন্দিরটি পরিদর্শন করে নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এ জন্য বরাদ্দও দেওয়া হয়েছে।
সহকারী পুলিশ সুপার মো. আদনান মুস্তাফিজ বলেন, ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ভাঙচুরে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।
দেশ বাংলা টিভি ডেক্স